চোরাচালানের পণ্য হাতানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সীমান্তে আটক চোরাচালানের মালামাল জব্দ না দেখিয়ে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার দুই এএসআইয়ের বিরুদ্ধে।
এ অভিযোগের কারণে দুই এএসআই রাসেল মন্ডল ও আসাদুজ্জামান আসাদকে ওই থানা থেকে অন্যত্র বদলি করা হয়।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার মধূসুদন রায় বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই এএসআইর বিরুদ্ধে অভিযোগ ওঠায় পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বদলির আদেশ দেয়া হয়েছে।
শুক্রবার রাতে তাদেরকে বদলি করে শনিবারের মধ্যে কুড়িগ্রামের রাজিবপুর ও চিলমারী থানায় যোগদানের নির্দেশ দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী সীমান্তের গংগারহাটের আজোয়াটারী ইদারার পাড় এলাকা থেকে আনোয়ারুল হক (ডিপু হুজুর) নামের এক চোরাকারবারীকে আটক করেন এএসআই রাসেল ও আসাদ।
আনোয়ারুল হক ও তার স্বজনদের দাবি, আনোয়ারের কাছ থেকে পুলিশ একটি ভারতীয় টিভিএস মোটরসাইকেল, ৫০ বোতল ফেনসিডিল, ২০ বোতল চুপসি (ফেনসিডিলের বিকল্প এক ধরনের মাদক) জব্দ করে।
কিন্তু দুই এএসআই শুধু ১০ বোতল চুপসি আটক দেখিয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
আরো কঠিন মামলার ভয় দেখিয়ে আসামির স্বজনদের কাছ থেকে তারা এক লাখ ৩০ হাজার টাকা নেয় বলেও তারা দাবি করেন।
ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলমও এসব অভিযোগ ওঠায় প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের বদলি করা বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
অভিযুক্ত এএসআই রাসেল ও আসাদ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনার শিকার।
