২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুস্তম হত্যায় শিবির সভাপতিকে গ্রেপ্তার দাবি

ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছে সরকার সমর্থিত ছাত্র সংগঠনটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 06:15 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রাবিতে নেতা খুনের প্রতিবাদে চবিতে ছাত্রলীগের মিছিল

শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওর্য়াদী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

শনিবার রুস্তম হত্যার প্রতিবাদে পালিত ধর্মঘট শেষে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রলীগের সাধরণ সম্পাদক তৌহিদ আল তুহিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে শিবির। তারা রুস্তম আলীকে গুলি করে হত্যা করেছে। বিভিন্ন সময়ে রগ কেটে ছাত্রলীগ নেতাকর্মীদের পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে।

তাদের হুকুমদাতা অন্তত ৪৬টি মামলার আসামি বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আশরাফুল আলম ইমনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

“তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত ছাত্রলীগের এই ধর্মঘট চলবে,” বলেন তুহিন।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেলেও কর্মসূচি থেকে বিরত হবেন না জানান।

রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরির পাদদেশে মানববন্ধন হবে বলে তিনি জানান।

ছাত্রলীগের মৌন মিছিল

সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগ দলীয় টেন্ট থেকে একটি মৌন মিছিল বের করে, যেখানে যোগ দেন বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষকদের নিন্দা

ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পৃথক বিবৃতিতে নিন্দা ও দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

নগরের মতিহার থানার ওসি এ বি এম রেজাউল করিম জানান, এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।