‘জাল’ ভারতীয় রুপিসহ দুজন আটক
নাটোর সদরে দুই লাখ ‘জাল’ ভারতীয় রুপিসহ দুই যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার দুপুরে একডালা এলাকা থেকে গ্রেপ্তার হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের কালুমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও শাহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহম্মদ মামুন হোসেন (৩৫)।
পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আটক দুই যুবক একটি বাসে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন।
বাসটি একডালা এলাকায় পৌঁছলে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, এরা চোরাচালানের সঙ্গে জড়িত। তারা সঙ্গে ভারতীয় রুপি রাখার ব্যাপারে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ ব্যাপারে নাটোর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক সিরাজুল ইসলাম জানান, উদ্ধার ভারতীয় রুপিগুলি জাল। এগুলো দিয়ে তারা ভারত থেকে গরু কেনেন।
শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার মূল্যের ‘জাল’ ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
