লুৎফর তদন্ত: তথ্য দিতে লেবার পার্টির আহবান
লন্ডনে টাওয়ার হ্যামলেটস পৌর এলাকার মেয়র লুৎফর রহমানের বিরুদ্ধে সরকারি তহবিল বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তকে স্বাগত জানিয়েছে লেবার পার্টি।
লুৎফর রহমান তদন্তকে স্বাগত জানিয়ে তার বিরুদ্ধে অভিযোগকে দুর্বল বলে মন্তব্য করেছেন।
পশ্চিম লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেট পৌরসভায় ‘সুশাসনে ব্যর্থতা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা ও প্রতারণা’র অভিযোগ তদন্তে সরকার এ উদ্যোগ নেয়।
যুক্তরাজ্যের স্থানীয় সরকারমন্ত্রী এরিক পিকল শুক্রবার থেকেই কার্যকর হওয়া জনস্বার্থ বিষয়ক নতুন আইনের অধীনে মেয়র লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য ইন্সপেক্টর হিসেবে প্রাইসওয়াটারহাউসকুপারসকে নিয়োগ দেন।
ঘটনাটিকে টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দাদের জন্য ‘বেদনার’ মন্তব্য করে স্থানীয় লেবার পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন লেবার পার্টি স্বাগত জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে ছায়ামন্ত্রী হিলারী বেন এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, “স্থানীয় সরকার কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে দাখিল করা কাগজ পত্র দেখে সরকার পরিস্থারভাবে নিশ্চিত হয়েছে যে এতে জনস্বার্থ জড়িত।
“কারো কাছে দুর্নীতির কোন তথ্য থাকলে তা দিয়ে পুলিশ এবং তদন্ত দলকে সহায়তা করা উচিত। একই সঙ্গে জনগণের আস্থা প্রতিষ্ঠার জন্য সবকিছু যাতে স্বচ্ছতার সঙ্গে হয় তাও নিশ্চিত করা উচিত।”
স্থানীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক এবং রুশনারা আলীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের রাজনৈতিক মত পার্থক্য যাই থাকুক না কেন আমরা নিশ্চিত যে সেক্রেটারি অব স্টেইট উপযুক্ত কারণ ছাড়া এ ব্যবস্থা গ্রহণ করেন নি।”
ওই এলাকার লেবার পার্টির মেয়র প্রার্থী জন বিগসকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আমরা যখনই এসব নিয়ে কথা বলেছি তখনই মেয়র নীরব থেকেছেন অথবা একেবারেই তা অস্বীকার করেছেন। আর যথন যে তাকে চ্যালেঞ্জ করেছে তখন তাকেই তিনি বর্ণবাদী বলে অপবাদ দিয়েছেন।
“আমি মনে করি, স্থানীয় বাসিন্দাদের সামনে আজ সময় এসেছে তাদের উপযুক্ত প্রার্থী বেছে নেয়ার।”
টাওয়ার অব হ্যামলেটস এর সম্মান পুনরুদ্ধারের জন্য জন বিগসকে ভোট দিয়ে বিজয়ী করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়েছে।
এদিকে এক সংবাদ সম্মেলনে মেয়র সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “কাউন্সিল প্যানোরোমার আনা এসব দুর্বল অভিযোগের প্রেক্ষিতে টাওয়ার অব হ্যামলেটের বাসিন্দাদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আমি আশা করি।
“আমি ইতোমধ্যে সেক্রেটারি অব স্টেটকে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমি আশা করি তার এ পরিদর্শনের মাধ্যমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড তার কাছে স্পষ্ট হবে।”
যুক্তরাজ্যে মেয়র লুৎফরের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু
