গণপূর্তের প্রকৌশলীর বাসায় শিশু গৃহকর্মীর মৃত্যু
চট্টগ্রামে গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসার এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রকৌশলীর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত মো. জাহেদ (১২) গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের সার্কেল-১ (ডিভিশন-১) এর উপসহকারী প্রকৌশলী দিলরুবা চৌধুরীর বাসায় কাজ করত বলে কোতয়ালী থানার এসআই ইমাম হোসেন জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে নওশাদ জামান গুরুতর অসুস্থ অবস্থায় গৃহকর্মী জাহেদকে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।
এসআই ইমাম বলেন, রহমতগঞ্জ এলাকার সিঅ্যান্ডবি কলোনিতে বাসার বারান্দার গ্রিলে ফাঁসিতে ঝুলে ছেলেটি আত্মহত্যা করেছে বলে প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে ঘটনাটি ‘রহস্যজনক’ মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য দিলরুবা চৌধুরীর স্বামী নওশাদ জামানকে আটক করা হয়েছে।
এসআই বলেন, “ছেলেটির মৃত্যু রহস্যজনক। হাসপাতালের চিকিৎসকও আত্মহত্যার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন “
