হিরনের অবস্থা অপরিবর্তিত, ফিরিয়ে আনা হয়েছে দেশে
বরিশাল সদর আসনের সাংসদ শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, তবে অপরিবর্তিতই রয়েছে তার শারীরিক অবস্থা।
হিরনের পারিবারিক ঘনিষ্ঠ ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান কর কর্মকর্তা আবুয়াল মাসুদ মামুন জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে থাই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে এনে হিরনকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি জানান, গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরের ‘গ্লেন ঈগলস মেডিকেল সেন্টারের’ আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন হিরন। এ সময় সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। কিন্তু তার শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফাইল ছবি
হিরনের আরেক বন্ধু ডা. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিকদার মেডিকেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স হিরনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু রওনা দেয়ার এক ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে জরুরি অবতরণ করাতে বাধ্য হয় পাইলট। পরে তাকে একটি থাই অ্যাম্বুলেন্সে রাতে ঢাকায় নিয়ে আসা হয়।”
গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরন। পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয় তার।
তাৎক্ষণিক তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ মার্চ অ্যাপোলোতে হিরনের মস্তিস্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। পরের দিনই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।
