কবিরকে গণপূর্তের প্রধান প্রকৌশলী নিয়োগের সুপারিশ অবৈধ
জ্যেষ্ঠতা লংঘন করে গণপূর্তের প্রধান প্রকৌশলী নিয়োগের সুপারিশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই রায় দেয়।
গণপূর্ত বিভাগের চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়াকে প্রধান প্রকৌশলী নিয়োগের জন্য গত বছরের ২০ অক্টোবর সুপারিশ করে মন্ত্রণালয়। সুপিরিয়র সিলেকশন বোর্ডের কাছে এই সুপারিশ পাঠানো হয়।
এরপর ওই সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী এজেডএম তাজুল ইসলাম, যিনি বর্তমানে স্বাস্থ্য শাখার দায়িত্বে রয়েছেন। আদালত তার আবেদনের প্রাথমিক শুনানি করে রুল দেয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেয়া হয়।
রায়ের পর রিটকারীর আইনজীবী মো. সালাউদ্দিন দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায়ের পর চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া তার দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে পদোন্নতি দিতে হলে জ্যেষ্ঠতা বিবেচনায় দিতে হবে।
রিটে বলা হয়, চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী জ্যেষ্ঠতাক্রমে ৭ নম্বরে থাকলেও তাকে প্রধান প্রকৌশলী নিয়োগের সুপারিশ করা হয়।
কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। তার সঙ্গে ছিলেন মাহবুব শফিক ও কেএম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
কেএম হাফিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির আহমেদকে নিয়োগের সুরারিশকে আদালত অবৈধ ঘোষণা করেছে।
