সাদ হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বাকৃবি ভিসি ঘেরাও
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ঘেরাও কর্মসূচি চলাকালে তাতে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
সোমবার প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন মৎসবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ও আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ। পরদিন বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরের এই হত্যাকাণ্ড ঘটেছে জানিয়েছে পুলিশ।
বেলা সোয়া ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্য অধ্যাপক রফিকুল হকের বাসভবন ঘেরাও করেন। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল হাসানের নেতৃত্বে শিক্ষক নেতারা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এসময় সাদ হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষক সমিতির সভাপতি।
একইসঙ্গে সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তিনি।
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
