ফেনীতে প্রাইভেটকার চালককে শ্বাসরোধ করে হত্যা
ফেনী সদর উপজেলায় যাত্রী পরিবহনের সময় এক প্রাইভেটকার চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, বৃহস্পতিবার সকালে সদরের তেমুহানী এলাকা থেকে চালক এনামুল হক স্বপনের (২৭) লাশ উদ্ধার করা হয়।
স্বপন উপজেলার ফতেহপুর এলাকার খন্দকার বাড়ির জয়নাব আলী ছেলে। তিনি ফেনী জেলা রেন্ট-এ কার চালক সমিতির সদস্য।
পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার মধ্যরাতে একদল যাত্রী ফেনীর ফতেহপুর থেকে স্বপনের প্রাইভেটকার ভাড়া করে। পথে তেমুহানী এলাকার দক্ষিন কাশিমপুরে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
পরে সকালে হাত-পা বাঁধা অবস্থায় দুর্ঘটনাস্থলে গাড়ির পেছনের সিট থেকে স্বপনের লাশ উদ্ধার করা হয়।
এই পুলিশ কর্মকর্তার ধারণা, দুর্ঘটনার আগে স্বপনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল যাত্রীরা।
লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহত স্বপনের মামা জাফর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বপন গাড়ি নিয়ে বের হওয়ার সময় তার সঙ্গে রিয়াজ নামে এক সহকারী ছিল।
তিনি বলেন, “পুলিশ সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।”
