চট্টগ্রামে যুবক খুন
চট্টগ্রামের বাকলিয়ায় দুপক্ষের বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।
বাকলিয়া থানার ওসি মো মহসিন জানান, বৃহস্পতিবার ভোরে তুলাতলী এলাকার পাঁচ নম্বর ব্রিজের কাছে এ ঘটনায় ছুরিসহ আটক করা হয়েছে আরেক যুবককে।
নিহত মো. আলাউদ্দিন (১৮) তক্তারপুল এলাকার বাসিন্দা। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের কর্মচারী ছিলেন তিনি।
আটককৃতের নাম ছালেহ আহমেদ (২৭)।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলাউদ্দিনসহ তিনজন ভোরের দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে ওই ব্রিজের কাছে ছালেহ আহমদসহ দুই জনের সঙ্গে তাদের কথাকাটাকটি হয়। এরই এক পর্যায়ে তারা আলাউদ্দিনের পেটে ছুরি মারে।
গুরুতর অবস্থায় আলউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
