২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া ৪১ গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১৬

রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে ৪১টি চোরাই গাড়িসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 07:50 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার দুপুরে রাজধানীর মিন্টোরোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- আব্বাস আলী ওরফে নয়ন, মো. ফারুক হোসেন, দিপু, নয়ন, ইউনুছ, মো. মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক, সেলিম ওরফে আকাশ, ফরহাদ হোসেন, মো. তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম ওরফে মঞ্জু, মো. আমীর, মো. বাবু, মো. মামুন খান, মো. বিল্লাল খান ও নয়ন মিয়া। গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় ২২টি প্রাইভেট কার, ১৮টি অটোরিকশা এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাড়ি ‍চুরি বেড়ে যাওয়ায় এ বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে সেলিম ও তোফাজ্জল দুটি চোর চক্রের নেতৃত্ব দেন বলে জানান তিনি।