বাগেরহাটে শিলাবৃষ্টি, আম ও তরমুজের ক্ষতির আশঙ্কা
চৈত্রের প্রচণ্ড তাপের মধ্যে বাগেরহাটে স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে একই সময় শিলাবৃষ্টির কারণে আমের বউল ও তরমুজের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
বুধবার বিকালে প্রবল বর্ষণের মধ্যে প্রায় আট মিনিট ধরে চলে এ শিলাবৃষ্টি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুধেন্দু শেখর মালাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আম গাছে এখন নতুন গুটি ধরেছে ও ক্ষেতের তরমুজ বড় হয়েছে।
প্রবল বর্ষণের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় তরমুজ ও আমের ফলনের ক্ষতির আশঙ্কা করেন তিনি।
বৃষ্টির সময় শহরের কোর্ট মসজিদ এলাকায় অনেক মানুষকে ভিজে শিলা কুড়াতে দেখা যায়। শিলা পড়ে শহরের রাস্তা ও সবুজ ঘাসের মাঠ কিছুক্ষণের জন্য সাদা হয়ে যায়।
