সড়ক ছেড়ে বাস ফুটপাতে, নিহত ৪
রাজধানীতে হজরত শাহজালাল বিমান বন্দরের সামনে বাসের চাপায় এক বিমানকর্মীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া বনানীতে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন একজন।
বিমানবন্দরের সামনে বাসচাপায় নিহতরা হলেন- বিমানের কর্মচারী আব্দুল কুদ্দুস চৌধুরী (৫০), বিলকিস বেগম (৩৫), তাজউদ্দিন (৪০) ও সবুর খান (৪০)।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের সামনে গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী জাবালে নুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বিলকিস, তাজউদ্দিন ও সবুর খান মারা যান।
পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিমানকর্মী কুদ্দুস।
ওসি বলেন, বাসটি ফুটপাতে ওঠার আগে একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে আটোরিকশার চালকও আহত হন।
বাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
এদিকে বনানীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় এক নারী নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বনানীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় ওই নারী আহত হন।
দুপুরে সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার সে মারা যান।
নিহতের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ ও ওড়না রয়েছে। বয়স আনুমানিক ৩০ বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
