২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালি গেল এক কন্টিনজেন্ট সৈন্য

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে প্রথমবারের মতো দেশ ছেড়েছে বাংলাদেশের এক কন্টিনজেন্ট সৈন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 12:04 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার বিকালে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে মালির উদ্দেশে রওনা হন ১১২ জন শান্তিরক্ষী।

পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যরা নিয়োজিত থাকলেও ‘ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’ নামের এ মিশনে এবারই প্রথম বাংলাদেশ অন্তর্ভুক্ত হলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্টিজেন্টটিকে বিদায় জানান সেনা সদর দপ্তরের সরবরাহ ও যান পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সোবহান চৌধুরী।

তিনি দলটির সদস্যদের বলেন, “প্রথমবার কোনো মিশনে যাওয়া যথেষ্ট কষ্টকর। তবে প্রশিক্ষণ আপনাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে। আপনারা দেশের পতাকাকে সাফল্যের সঙ্গে বিশ্বের কাছে তুলে ধরবেন বলে আশা করি।”

শান্তিরক্ষীদের মালিগামী এই দলে নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মো. জাহাঙ্গীর হারুন।

এই ১১২ জন ছাড়াও মালিতে মোট মোতায়েন করা হবে ১ হাজার ৪৪৬ জন শান্তিরক্ষীকে।

এদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর একটি পদাতিক ইউনিট, দুটি সিগন্যাল ইউনিট, একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট, একটি ট্রান্সপোর্ট ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনীর একটি রিভারাইন ইউনিটসহ মোট ছয়টি কন্টিনজেন্ট।

১৯৮৮ সালে প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিমিশনে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এখন পর্যন্ত ৩৮টি দেশের ৫৪টি শান্তিমিশনে বাংলাদেশ অংশ নিয়েছে।