২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছিনতাইকারী’ গ্রেপ্তার, উদ্ধার ৯ লাখ টাকা

ঢাকার ধামরাই ও সাভারে দুটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ে জড়িত অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:10 PM

Updated : 22 Aug 2022, 06:00 PM

তাদের কাছ থেকে ছিনতাইয়ের নয় লাখ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন আওলাদ হোসেন (৩০), হাবিব মিয়া (৩৮) ও সোনা মিয়া (২৫)।

মার্চের প্রথমদিকে দুটি ঘটনায় ধামরাই ও সাভারের আশুলিয়ায় দুটি স্পিনিং মিলের ৮৬ লাখ টাকা ‍ছিনতাই হয়। এরপর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার তৎপর ছিল।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট এবিএম মাসুদ আলম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা ১২ জন মিলে আশুলিয়া ও ধামরাইয়ে দুটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ে জড়িত।

ছিনতাই করা টাকা তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছেন। শুধু নয় লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী এ দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এই চক্রটি আগে বাসা-বাড়িতে ডাকাতি করত। ইদানিং তারা সড়কগুলোতে ছিনতাই করছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গত ৫ মার্চ বিকালে আশুলিয়ার নিটল স্পিনিং মিল কর্তৃপক্ষ শ্রমিকদের বেতনের ২০ লাখ টাকা জামগড়া ডাচ বাংলা ব্যাংক থেকে উত্তোলন করে বের হলে হাতবোমা ফাটিয়ে ও গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর পাঁচ দিন পর ধামরাইয়ের কালামপুর বাজারে করিম স্পিনিং মিলের শ্রমিকদের বেতনের জন্য ব্যাংক থেকে ৬৬ লাখ টাকা উত্তোলন করে কারখানায় আসার পথে ছিনতাইকারিরা হাতবোমা ফাটিয়ে ও নিরাপত্তাকর্মীকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি মাঠে নামে গোয়েন্দা পুলিশও।