কুষ্টিয়ায় ছাত্রলীগের সশস্ত্র মিছিল, শহরে আতঙ্ক
কুষ্টিয়া শহরে সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র মিছিলে আতঙ্ক তৈরি হয়েছে।
সোমবার বিকালে জেলখানা মোড় থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরির সামনে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৫টায় হকিস্টিক, রাম দা, ছোড়া, ব্যাট ও লাঠিসোটা হাতে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ মোড় ও থানা মোড় প্রদক্ষিণ করে। এসময় আশপাশে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় তারা ‘হানিফ ভাইয়ের অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন’, ‘হানিফ ভাই এগিয়ে চল- আমরা আছি তোমার সাথে’ স্লোগান দিতে থাকে।
এবিষয়ে সদর মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সোমবার সন্ধ্যার আগে সশস্ত্র মিছিলের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী কাউকে খুঁজে পায়নি।
তবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র মিছিলের কথাটি অস্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কোনো কমিটি নেই। আর বিকেলে শহরে মিছিল করেছে যুবলীগ।”
