ছাগলনাইয়ার সবকটি পদেই আ.লীগ জয়ী
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেসবাউল হায়দার চৌধুরী(আনারস) ৫৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় সমর্থিত বিএনপির প্রার্থী নুর আহম্মেদ মজুমদার (কাপ-পিরিজ) পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আহম্মেদ ভূঞা (টিউবওয়েল) ৪৬ হাজার ৬৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় সমর্থিত জামায়াতের প্রার্থী মুজিবুল রহমান (চশমা) পেয়েছেন ১৬ হাজার ৪২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুলেখা আক্তার (কলস) ৪৮ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় প্রার্থী রাশেদা আক্তার রুমা (প্রজাপতি) পেয়েছেন ১৮ হাজার ৫০৯ ভোট।
প্রসঙ্গত, নির্বাচনে ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৭ টি কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বাতিল করে পূর্ণনির্বাচনের দাবী জানিয়ে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
