চাঁদপুরে ১১ জেলের সাজা, ট্রাকবোঝাই জাটকা জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১১ জেলের এক মাসের কারাদণ্ড হয়েছে।
অন্যদিকে, সোমবার সকালে অভিযান চালিয়ে এক ট্রাকবোঝাই জাটকা ইলিশ আটক করেছে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো আমির জাফর জানান, সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১১ জেলে ও বেশকিছু কারেন্ট জাল জব্দ করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান প্রত্যেক জেলেকে এক মাসের কারাদণ্ড দেন।
পুলিশ সুপার আমির আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের বাবুরহাট এলাকা দিয়ে যাওয়ার সময় আটক করা হয় জাটকা বোঝাই ট্রাকটি।
মার্চ-এপ্রিল দুই মাস ‘ইলিশ অভয়াশ্রম’ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
