চ্যানেল ২৪’র বিরুদ্ধে দেয়া রুলের শুনানি পেছাল
আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক মাহফুজ উল্লাহ, জাফর উল্লাহ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে জারি করা রুলের শুনানির নতুন তারিখ দিয়েছে ট্রাইব্যুনাল।
বিবাদীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ৩০ এপ্রিল শুনানির দিন ধার্য করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষসহ আটজনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।
এরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বের প্রযোজক, অনুষ্ঠানটির সঞ্চালক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ।
প্রসিকিউটর জিয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।
ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় 'কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না'- তা জানতে আদেশ চাওয়া হয় প্রসিকিউশনের আবেদনে।
তাদের আবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন যে, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।
ওই অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, অসৎ উদ্দেশ্যপ্রসূত’ উল্লেখ করে আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের প্রক্রিয়া সম্পর্কে অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যেই ওই মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।
