মদনের ইউএনওর প্রত্যাহার চান মুক্তিযোদ্ধারা
নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের দাবিতে তার কার্যালয় ঘেরাও অব্যাহত রেখেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ কারণে রোববারও ইউএনও মোহাম্মদ সফিউল আলম কার্যালয়ে যেতে পারেননি।
তবে, বাসায় বসে তিনি অফিস করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গত বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন আয়েজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন তারা।
পরদিন বৃহস্পতিবার সারাদিন ইউএনওর কার্যালয় ঘেরাও করে রেখেছিলেন মুক্তিযোদ্ধারা।
সেদিন ইউএনও মোহাম্মদ সফিউল আলম নিজেই তার কার্যালয় তালাবন্ধ করে রেখেছিলেন।
মদন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ছদ্দু মিয়া জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে সম্মানজনকভাবে মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
লাখো কণ্ঠো সোনার বাংলা গাওয়ার সময় মদনে জাতীয় সংগীতও গাওয়া হয়নি।
এর প্রতিবাদে বুধবার উপজেলা প্রশাসনের আয়েজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন তারা এবং তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদে সব মুক্তিযোদ্ধাদের নিয়ে ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
ছদ্দু মিয়া আরো জানান, ইউএনওকে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই ঘেরাও আন্দোলন চলবে।
এদিকে ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির সঙ্গে একাত্মতা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নূরুল আমিন, বারহাট্টা উপজেলার সাবেক কমান্ডার আব্দুল কাদির।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ অস্বীকার করে ইউএনও মোহাম্মদ সফিউল আলম বলেন, বাসায় বসে অফিসের কাজকর্ম করছেন তিনি।
