গজারিয়ায় প্রার্থীর আহত স্ত্রীর মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটের দিন সংঘাতে গুলিবিদ্ধ আরেকজন মারা গেছেন। এনিয়ে সেদিনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
গুলিবিদ্ধ লাকী বেগম (৩২) বৃহস্পতিবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
গত ২৩ মার্চ ভোটের দিন গুলিবিদ্ধ হন বাউশিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের বহিষ্কৃত সভাপতি আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী।
নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মনা সাংবাদিকদের বলেন, তিনটি গুলি তার সন্তানসম্ভবা স্ত্রীর শরীরে বিদ্ধ হয়।
শরীরে গুলি নিয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এক ছেলে ও তিন মেয়ের এই জননী লাকী, যিনি ভোটের দিন স্বামীর পক্ষে নেমেছিলেন।
লাকীর মৃত্যুর খবরে বাউশিয়া এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বাউশিয়ার পোড়াচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ স্থগিতের পর ব্যালট বাক্স নেয়ার সময় মনার সমর্থকরা বাধা দেয়। তখন নির্বাচনে মোতায়েন সেনাসদস্যরা গুলি ছুড়েছিল বলে স্থানীয়রা জানায়। তখনি গুলিবিদ্ধ হন লাকী।
গজারিয়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম মাহবুব-উল-করিম জানিয়েছিলেন, “ওই কেন্দ্রের ৩০৫৮ ভোটের মধ্যে প্রায় ২৮০০ ভোট কাস্ট হয়। শেষ মুহূর্তে জোর করে আরো প্রায় ৩০০ ভোট সিল মেরে বাক্সে ভরা হচ্ছিল।
“তাই বাধ্য হয়ে ভোটগ্রহণ স্থগিত করে প্রিসাইডিং অফিসার সরঞ্জামাদিসহ কেন্দ্র থেকে ফেরার পথে মনার সমর্থকরা তাদের আটকে রেখে ভোট গণনা করে ফলাফর ঘোষণার চাপ দেয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত সেনাসদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।”
মনা দাবি করেন,সেনাসদস্যদের গুলিই তার স্ত্রীর দেহে বিদ্ধ হয়েছিল।
এই বিষয়ে পুলিশ সুপার বলেন, “লাকী বেগমের শরীরে বিদ্ধ গুলি সেনাবাহিনীর ছোড়া কি না, তা বলা যাচ্ছে না।”
ভোটের দিন সকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার পক্ষের হামলায় নিহত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক বালুয়াকান্দির ইউপি চেয়ারম্যান ছামসুদ্দিন প্রধান(৫৫)।
এছাড়া বাউশিয়ার মধ্যেরকান্দিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত উপজেলা ছাত্রলীগের আইন বিষযক সম্পদক মাহবুবর রহমান জোটন (২২) পরদিন মারা যান।
এই নির্বাচনে ৪৫টি কেন্দ্রের মধ্যে সহিংসতা ও অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়। তাই ফলাফল স্থগিত রয়েছে।
হুঁশিয়ারির পরও সহিংসতা, নিহত ৪
