মোরেলগঞ্জ ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।
বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালে ঘটনার শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক রবীন্দ্রনাথ জানান, বৃহস্পতিবার মেয়েটি বাগেরহাট মূখ্য বিচারিক হাকিমের আদালতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে জবানবন্দি দিয়েছেন।
“সুনির্দিষ্ট নাম উল্লিখিত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গত মঙ্গলবার গভীর রাতে ওই ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামী বুধবার মোরেলগঞ্জ থানায় হাসিবুর রহমান ও ফরিদুর রহমানসহ ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধুর স্বামী ও স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ঢুকে চেয়ারম্যানের ছেলেসহ অন্যরা মেয়েটিকে নির্যাতন ও ধর্ষণ করে।
এর আগে হাত-পা-মুখ বেঁধে মেয়েটির স্বামীকে মাঠে নিয়ে ফেলে রাখে।
এ ঘটনায় অভিযুক্ত হাসিবুরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে তার বাবা হাবিবুর রহমান হাওলাদার ঘটনাটি ষড়যন্ত্রমূলক এবং সাজানো বলে দাবি করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক.মোল্লা জানান, তদন্ত চলছে।
আসামীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
