২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর নির্যাতনে সন্তানসহ ‘বিষপানে’ গৃহবধূর মৃত্যু

জুয়াড়ি বেকার স্বামীর নির্যাতন সইতে না পেরে মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া গ্রামে দুইসন্তানসহ বিষপান করে এক গৃহবধূ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় নিহত আনজিরা বেগম আনজুর (৩৫) সন্তান ফাতেমা (১০) ও আহাদকে (৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রবিউল পালিয়েছেন।

সদর থানার ওসি এম এ হাসেম জানান, হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।

“পরিবারের লিখিত অভিযোগ ও তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

নিহত সায়েরার এক আত্মীয় জানান, বুধবার রাত ১০টার দিকে রবিউল জুয়া খেলে বাড়িতে এসে আনজিরাকে মারধর করে।

এ সময় দুসন্তান ঠেকাতে এলে তাদেরকেও মারপিট করে।

“এ ঘটনায় কিছুক্ষণ পর আনজিরা প্রথমে দুসন্তানকে বিষপান করায় পরে নিজে বিষপান করে।”

অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আনজিরা মারা যান।

তার দুসন্তান আহাদ ও ফাতেমাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জুয়া খেলে এসে আনজিরাকে মারধর করা নিয়ে এর অন্তত ৮ বার সালিশ হয় বলেও জানান তিনি।

তবে আনজিরার ভাই ফারুকের দাবি অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে রবিউল তার বোনসহ দুসন্তানকে জোর করে বিষ খাইয়েছে।