সিরাজগঞ্জে ‘র্যাবের পোশাকে’ ৮ বাড়িতে ডাকাতি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘র্যাবের পোশাকধারী একদল দুর্বৃত্ত’ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার তিনটি গ্রামের আট বাড়িতে এ ঘটনা ঘটেছে।
তাদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক নারীসহ অন্তত পাঁচজন। তাদের মধ্যে নুরমহল নামে এক গৃহবধূকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ওসি জানান, ভোরে র্যাবের পোশাক পরিহিত ১০/১২ জন অস্ত্রধারী প্রথমে পূর্বলক্ষ্মীকোলা গ্রামের ইব্রাহিম হোসেন ও কমিশনার আজমল হোসেন বাড়িতে হানা দেয়।
এরপর তারা পর্যায়ক্রমে হাসিল গ্রামের আজম আলী, হাফিজুর রহমান এবং বৈকুণ্ঠপুর গ্রামের আফসার আলী, মনিরুজ্জামান, দেলবার হোসেন ও শুকুর আলীর বাড়িতে একইভাবে ডাকাতি করে।
তারা প্রতিটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে এবং টাকা ও সোনার গয়না লুটে নিয়ে যায়।
ওসি বলেন, দায়ীদের সন্ধানে রাত থেকেই বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলাও হয়েছে।
