২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধের আর্জি প্রসিকিউশনের হাতে

মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামী ও তাদের তখনকার সহযোগী সংগঠন ও নেতাকর্মীদের দায়ী করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 02:11 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

৭ যুদ্ধাপরাধে জামায়াত নিষিদ্ধের সুপারিশ

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলের সাংগঠনিক কর্মকাণ্ডও নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে।

তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাত মাস তদন্তের পর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুরর হাতে ৩৭৩ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন তুলে দেন, যাতে ৯ হাজার ৫৫৭ পৃষ্ঠার দালিলিক প্রমাণ সংযুক্ত করা হয়েছে।

যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সাজার পর গতবছর খোদ দলটির বিরুদ্ধে এই তদন্ত শুরু করেন প্রসিকিউটররা।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ ‍টিপু বলেন,“নুরেমবার্গ ট্রাইব্যুনালে হিটলারের দল নাৎসীর বিচারের পর বাংলাদেশের ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কোনো সংগঠনের বিচার করা হচ্ছে। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের দায়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো কোনো সংগঠনের বিচার শুরু হতে যাচ্ছে।”

তিনি জানান, তদন্ত প্রতিবেদনে যা পাওয়া গেছে তাতে তারা সন্তুষ্ট। এ প্রতিবেদন যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “জাতির আশা অনুসারে আমরা আমাদের সর্বোচ্চ দেশপ্রেম, মেধা, শ্রম কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করব। এ বিচার পরিচালনায় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন ট্রাইব্যুনালের ৩৮টি রায় সংগ্রহ করে পর্যবেক্ষণ করছে প্রসিকিউশন।”

এ মামলা লড়তে প্রসিকিউটর তুরিন আফরোজকে প্রধান করে প্রসিকিউটরদের একটি দলও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তুরিন আফরোজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,কোনো রাজনৈতিক দল হিসাবে নয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একটি সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর অপরাধের বিচার করা হবে।

“জামায়াত ইসলামী একটি বড় দল। তাই এ সংগঠনের সংশ্লিষ্ট সংগঠনগুলো ও দৈনিক সংগ্রাম বন্ধের কথাও বলা হবে। এ বিচারের মাধ্যমে আমাদের দাবি কি হবে তা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জানা যাবে।”

এর আগে ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে যুদ্ধাপরাধে দল হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। সর্বশেষ গোলাম আযমের রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়।

আর তদন্ত সংস্থার প্রতিবেদনে জামায়াত ও সহযোগীদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের চেষ্টা ও ষড়যন্ত্র এবং এসব অপরাধ ঠেকাতে ব্যর্থতাসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সংঘ; পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা দিতে গঠিত শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী এবং জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম আন্তর্জাতিক অপরাধ আইনের ৪ এর ১ ও ৪ এর ২ ধারা অনুযায়ী অপরাধ করেছে।

“এসব সংগঠনের নীতি, নীতিনির্ধারক ও সব নেতাকর্মী এসব অপরাধের জন্য দায়ী।”

নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করায় ইতোমধ্যে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে উচ্চ আদালত। তবে একাত্তরে ভূমিকার জন্য দলটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণার জন্যও জোরালো দাবি রয়েছে।

স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে কর্মকাণ্ড চালালেও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য কখনোই ক্ষমা চায়নি জামায়াত, বরং দলটির শীর্ষনেতারা স্বাধীনতার পরও বলেছিলেন, একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকে ‘যুদ্ধাপরাধী’ দল হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠে।

গতবছর ফেব্রুয়ারিতে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায়ের পর গড়ে ওঠা এই আন্দোলনের পর আইন সংশোধন করে দলের বিচারের বিধানও যোগ করা হয়। আগের আইনে শুধু যুদ্ধাপরাধী ব্যক্তির বিচারের সুযোগ ছিল।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, হত্যাকাণ্ডে সায় ও সহযোগিতা দেয়ার দায়ে জামায়াতের তখনকার আমির গোলাম আযমকে গত ১৫ জুলাই ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

ওই রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে বিচারক বলেন, দেশের কোনো সংস্থার শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয়।

রায়ে বলা হয়, সাধারণ জ্ঞান ও দালিলিক প্রমাণাদি থেকে এটা স্পষ্ট যে, জামায়াত ও এর অধীনস্থ  সংগঠনের প্রায় সবাই সক্রিয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করেছেন।

“গোলাম আযমের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি ক্রিমিনাল দল হিসাবে উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে।”

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার সময় গোলাম আযমের ‘গুরু’ আবুল আলা মওদুদী তার বিরোধিতা করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় সেই ধরনের ভূমিকাই ছিল গোলাম আযমের।

জামায়াত দুই সময়েই সাধারণ মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছিল মন্তব্য করে ট্রাইব্যুনাল দলটির দূরদৃষ্টির অভাবের পেছনে উগ্র মৌলবাদী চেতনাকেই চিহ্নিত করেছে।

“স্বাধীনতার ৪২ বছর পরও স্বাধীনতাবিরোধী কিছু মানুষ জামায়াতের হাল ধরে আছেন। যার ফলে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট নতুন প্রজন্ম স্বাধীনতাবিরোধী চেতনা ও সাম্প্রদায়িক অনুভূতির মানসিকতায় বেড়ে উঠছে, যা দেশের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।”

ট্রাইব্যুনাল বলেছে, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা শহীদদের প্রতি সম্মান দেখিয়ে কিংবা অনুশোচনা প্রকাশ করে মুক্তিযুদ্ধের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছেন বলে কোনো প্রমাণ জাতির সামনে নেই।

রায়ে বলা হয়, একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের নির্বাহী বিভাগ, সরকারি বেসরকারি সংগঠনসহ সামাজিক ও রাজনৈতিক দলের কর্ণধার হিসাবে এ ধরনের স্বাধীনতাবিরোধীরা থাকা উচিত নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ পদে স্বাধীনতাবিরোধীরা যাতে না আসতে পারে, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়।

গোলাম আযমের আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও এ এইচ এম কামারুজ্জামানের সাজার রায়েও একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।