নেত্রকোণায় দুর্ঘটনায় যুবক নিহত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাতে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের সাহিতপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত অনিক (২০) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কছন্দরা গ্রামের কালাম মিয়ার ছেলে। তিনি কেন্দুয়া পৌরশহরে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, দুপুরে দোকান মালিক মাহবুবের ভাই এরশাদ মিয়ার সঙ্গে তাদের কর্মচারী অনিক মোটরসাইকেলে আঠারবাড়ী রওয়ানা হন।
সাহিতপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক এরশাদ ও যাত্রী অনিক আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান। এরশাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
