২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানি সেনাদের জিপে ছিলেন আজহার‘

মুক্তিযুদ্ধের সময় দুইটি ট্রাক ও একটি জিপ গাড়িতে করে পাকিস্তানের সেনারা রংপুরের বদরগঞ্জ উপজেলার বিত্তিপুর গ্রামে গিয়ে বাড়িঘরে আগুন দিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 01:43 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

সে সময় পাকিস্তানি সেনাদের জিপে ছিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার আজহারের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে এ কথা জানান প্রসিকিউশনের পঞ্চম সাক্ষী মো. আব্দুর রহমান।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন প্রায় ৫৮ বছর বয়সী এ সাক্ষী।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাম কৃষ্ণপুর বানিয়াপাড়া গ্রামের এ বাসিন্দা সাক্ষ্যে বলেন, "১৯৭১ সালের ১৫ এপ্রিল দুইটি ট্রাক ও একটি জিপ গাড়িতে করে পাকিস্তানী সেনারা বিত্তিপাড়ায় আসে।পাকিস্তানি সেনারা গাড়ি থেকে নেমে আশেপাশের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।

সঙ্গে আসা জিপগাড়িটি আরো আগে গিয়ে টেকশোর হাটে থামে যাতে এটিএম আজহার ছিল বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “টেকশোর হাটে এটিএম আজহারসহ পাকিস্তানী সেনারা নেমে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং কয়েকটি বাড়িতে আগুন দিয়ে চলে যায়।ওইসময় গুলিতে চারজন নিহত হয়। এদের মধ্যে তিনজন হলেন- ভুলু, ঝুমন ও মোচারু টন্না।“

পরদিন ১৬ এপ্রিল টেকশোর হাটে গিয়ে আগের দিনের ঘটনার ধ্বংসাবশেষ দেখেন বলে জানান সাক্ষী আব্দুর রহমান।

তিনি আরো বলেন, টেকশোর হাট থেকে বাড়ি ফেরার পথে ৬নং রেলগেইটের পূর্ব দিকে থেকে একটি ট্রেন আসতে দেখেন। ট্রেন দেখে কাছেই একটা পুকুরের কাছে আশ্রয় নেন তিনি ও তার সঙ্গীরা।

“ট্রেনটি ৬নং রেলগেইটের কাছে এসে থেমে যায়।তখন পুকুরের পাড়ে উঠে লুকিয়ে দেখি যে, ট্রেন থেকে পাকিস্তানি সেনাবাহিনী এবং এটিএম আজহারুল ইসলাম ও অনেক জামায়াত সমর্থকরা নামছে।এটিএম আজহার ও জামায়াত সমর্থকরা পাকসেনাবাহিনীর লোকজনদের নিয়ে উত্তরে টেকশোর হাটের দিকে রওনা দেয়।”

এরপর তিনি ও তার সঙ্গীরা গ্রামে চলে আসেন। গ্রামে এসে কোন লোক না দেখে সবাই নিকটবর্তী একটি ‘পাথারে’ (ফসল চাষের বিস্তীর্ণ নিচু জমি) আশ্রয় নেন তারা।

পাথারে থেকেই তারা লক্ষ্য করেন, বিকাল ৫টার দিকে পাক সেনা ও অন্যান্যরা ফিরে এসে ট্রেনে করে চলে যায়।এরপরে তারা টেকশোর হাট হয়ে ধাপপাড়ায় যান এবং দেখেন আনুমানিক দেড়শ' বাড়িঘর আগুনে পোড়ানো হয়েছে। অনেক মানুষকে হত্যাও করা হয়েছে।

সেখানে অন্তত পাঁচজনের লাশ দেখেন বলে সাক্ষ্যে উল্লেখ করে তিনি বলেন, "এছাড়া আমিনুল নামের এক ব্যক্তির কাছে জানতে পারেন সেখানে ১৫ জনকে হত্যা করা হয়েছে।বাকিদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।"

পরে নিজের বাড়ি ফিরে বড় ভাই ও গ্রামের অন্যান্যদের কাছে জানতে পারেন এটিএম আজহারুল ইসলাম ও তার দোসররা এবং পাকিস্তানী সেনারা ধাপপাড়ায়ও একই ধরনের গণহত্যা চালিয়েছে।

পরে এ সাক্ষীকে জেরা শুরু করেন এটিএম আজহারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার।

জেরা অসমাপ্ত অবস্থায় আগামী ৩০ মার্চ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়।

‘পাক সেনাদের সঙ্গে ছিলেন আজহার’