২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চেয়ারম্যান ফজলার হত্যা: পাঁচ আসামি ‘গ্রেপ্তার’

দেড়মাস ‘নিখোঁজ’ থাকার পর নাটোরের একটি হত্যা মামলার পাঁচ আসামিকে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সামনে হাজির করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার এ পাঁচ আসামি হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল (৫৪), ইউনিয়ন যুবদল সভাপতি হায়দার রশীদ (৩১), বিএনপিকর্মী শাহ আলম বেপারী (২২), সামসুল ইসলাম (৪৭) ও আব্দুল করিম (৩৬)।

এদের স্বজনদের দাবি, ফজলার রহমান হত্যা মামলায় হাই কোর্টের জামিন নিয়ে বের হলে গত ১২ ফেব্রুয়ারি তাদের তুলে নিয়ে যাওয়া হয় এবং ওইদিন থেকে তারা নিখোঁজ থাকেন।

তবে, র‌্যাব বলছে, মঙ্গলবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নাটোর সার্কিট হাউজে র‌্যাব-৫ (রাজশাহী) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে এ পাঁচ জনসহ দুইটি রিভলবার, একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, আটটি গুলি ও একটি ধারালো ছুরি প্রদর্শন করা হয়।

এ সময় র‌্যাব-৫ (রাজশাহী) এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার ভোর ৩টায় রাজশাহীর বাগামারা উপজেলার গোয়ালকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাসা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ওই সময় আসামিরা পরিত্যক্ত বাড়িতে ঘুমাচ্ছিলেন জানান তিনি।

কর্নেল আনোয়ার আরো জানান, তাদের বিরুদ্ধে বাগামারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় থানা পুলিশ তাদের আদালতে হাজির করবে। পরে তাদের চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারদের ঢাকায় হাই কোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়েছিল কিনা জানতে চান সাংবাদিকরা।

এর জবাবে র‌্যাব অধিনায়ক বলেন, “এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই। আমরা মঙ্গলবার ভোরে বাগমারা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছি।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নিহত চেয়ারম্যান ফজলার রহমানের ছেলে আসাদুজ্জামান সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যে তার বাবাকে হত্যার জন্য গ্রেপ্তারদের দায়ী করেন।

এদিকে গ্রেপ্তার ইব্রাহিম খলিলের স্ত্রী নাসিমা খাতুন সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বলেন, “অস্ত্রসহ আমার স্বামী ও অন্যান্যদের গ্রেপ্তারের কথা সঠিক নয়, এটা সাজানো গল্প। প্রকৃতপক্ষে তাদের ১০ ফেব্রুয়ারি ঢাকার হাই কোর্ট এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কারা তুলে নিয়ে গিয়েছিল তা বলতে পারব না।”

তবে, তার স্বামীকে সবার সামনে হাজির করার জন্য তিনি র‌্যাবকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, নিখোঁজ হওয়ার পর তারা বিষয়টি হাইকোর্টকে  জানিয়েছিলেন। তাদের মুক্তির দাবিতে সিংড়ায় হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে। সম্প্রতি নাটোরে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপেও এই বিষয়টি আলোচিত হয়েছে।

“আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

গত ১৮ জানুয়ারি দুপুরে দুর্বৃত্তরা সিংড়ার সাঐল গ্রামে কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান ওরফে ফুনুকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে সিংড়া থানায় বিএনপি নেতা ইব্রাহিম খলিল ওরফে ফটিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।