পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭
টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৭ জন।
মঙ্গলবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুইজন, সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক, টেম্পু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আট বছরের এক শিশু ও কুষ্টিয়ার শহরতলীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হন।
এছাড়া পাবনার সাঁথিয়া উপজেলায় গরু বোঝাই একটি নসিমন রাস্তার পাশে উল্টে চালকসহ দুইজন এবং গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হন।
টাঙ্গাইল
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, দুপুর আড়াইটায় ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের হরিপুর এলাকায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় লাও খোলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রাতুল (১২) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
এতে আহত তিন অটোরিকশা যাত্রীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি ফজলুল কবির বলেন, হরিপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা ঘাটাইল যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সিরাজগঞ্জ
বেলা ১টায় সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় গ্রিনটিলিশ হোটেলের সামনে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক, টেম্পু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা যায় আট বছরের শিশু মনিরুল ইসলাম।
মনিরুল উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি তেঁতুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রেজাউল করিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও অটোরিকশার চার যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।
দুর্ঘটনার যানবাহন তিনটিকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া
দুপুর ২টায় শহরতলীর দবির মোল্লা গেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালক আব্দুল আউয়াল (৫০) মারা যান ও আহত হয় ছয় যাত্রী।
আউয়াল কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত জাবেদ মিস্ত্রীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
পাবনা
দুপুরে সাঁথিয়া উপজেলার মহিষাখোলা এলাকায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে গরু বোঝাই একটি নসিমন রাস্তার পাশে উল্টে গেলে চালকসহ দুইজন মারা যান ও আহত হন আরো তিনজন।
নিহতরা হলেন, উপজেলার বরাট গ্রামের তুরাইনের ছেলে উজ্জল হোসেন (৪০) ও নসিমনের চালক কাবারীকোলা গ্রামের আব্দুল হক।
সাঁথিয়া থানার ওসি এস এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনার কাশিনাথপুর থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে গরু বোঝাই করে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। পথে মহিষাখোলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি উল্টে রাস্তার পাশের খালে পরে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানান তিনি।
গাজীপুর
দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বাসের চাপায় গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার শ্রমিক সাবিনা আক্তার (২২) নিহত হন।
হোতাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, দুপুরে খাবার বিরতি পর কারখানায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস সাবিনাকে চাপা দেয়।
এতে সাবিনা গুরুতর আহত হন। তাকে স্থানীয় কাজী হাসপাতালে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাবিনা।
