স্বাধীনতা দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বুধবার দিনের শুরুতে ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৭টায় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন দলের নেতাকর্মীরা।
বেলা ২টায় খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন এবং সেখানে মিলাদে অংশ নেবেন।
জেলা-উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় সঙ্গে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিয়েছে বিএনপি।
দিবসটি উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন।
বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
