ফেনীতে যুবদল নেতার মস্তকবিহীন লাশ
ফেনী সদরে এক যুবদল নেতার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় লেমুয়া ইউনিয়নের রামপুর এলাকায় আবুল কালামের (৩০) লাশ পাওয়া যায়।
আবুল কালাম লেমুয়া ইউনিয়নের মিজিকোনা গ্রামের প্রয়াত দলিলুর রহমানের ছেলে ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জমির হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন।
ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সিরাজুল ইসলাম জানান, মিজিবাড়ির পাশে একটি ঝোপে মস্তকবিহীন লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে এএসআই সিরাজুল আরো জানান, সোমবার দুপুরে বাড়িতে থাকা অবস্থায় একটি ফোন পেয়ে তিনি বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।
লেমুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী জানান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জমির হত্যা মামলার আসামি আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি ওই মামলায় হাই কোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসেন।
