গজারিয়ায় নির্বাচনী সহিংসতা, এক আহতের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত এক ছাত্রলীগকর্মী মারা গেছেন।
নিহত জোটন বাউশিয়া ইউনিয়নের মধ্যের কান্দি গ্রামের খোকন প্রধানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জোটন মিয়ার রাজনৈতিক পরিচয় এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে বাউশিয়া ইউনিয়নের মাঝি কান্দি ও মধ্যের কান্দি এলাকায় দুদফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মাহবুব আলম (২৫), জোটন (২২) ও উজ্জ্বল মিয়াকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকি আহতদের মধ্যে আনিসুর রহমান (২৭), মজনু (৩০), সালমা বেগম (৩২), ইয়াজ ঢালী (৪৫) ও রফিক মিয়াকে (৬০) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে গজারিয়ার বিভিন্ন স্থানে দিনব্যাপী সহিংসতা চলে। এতে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছামছুদ্দিন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।
সহিংসতা, ব্যালেট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মেরে বাক্সভর্তি করাসহ নানা কারণে নয়টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
