চট্টগ্রাম নিউ মার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে নারী শ্রমিক নিহত
চট্টগ্রামের নিউ মার্কেটে বিদ্যুতায়িত হয়ে এক নারী শ্রমিক মারা গেছেন।
সোমবার বিকালের এই ঘটনায় আরো পাঁচজন শ্রমিক আহত হন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ মার্কেটের নালা সংস্কারে মাটি কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এই শ্রমিকরা হতাহত হন।
নিহত শ্রমিকের নাম পারুল আক্তার (৪০)। আহতরা হলেন- আমেনা খাতুন (৩৬), বিলকিস বেগম (২৮), আবদুস সাত্তার (৪০), জাহাঙ্গীর (৩৫) ও অজ্ঞাতনামা এক নারী (৩৫)।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীন বিপণি বিতানের (নিউ মার্কেট) বর্ধিত অংশের নালা সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। ওই কাজেই মাটি কাটছিলেন ওই শ্রমিকরা।
ওসি বলেন, “ওই সময় ১১ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন একটি তার নালায় ছিঁড়ে পড়ে। এতে মাটি কাটার শ্রমিকরা তড়িতাহত হন।”
ঘটনাস্থলে দেখা যায়, নালার জন্য কাটা গর্তে পানি জমে আছে। আশেপাশে ছড়িয়ে আছে শ্রমিকদের জুতা।
শ্রমিক মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিচের দিকে তাকিয়ে মাটি কাটছিলাম। হঠাৎ শব্দ করে তারটা ছিঁড়ে যায়।”
তড়িতাহতদের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহতাবস্থায় চারজন নারী ও দুজন পুরুষকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য পাঁচজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
পরস্পরকে দোষারোপ
তড়িতাহত হয়ে শ্রমিক হতাহতের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পিডিবি বলছে, উচ্চ ক্ষমতার তারটির নিচে কাজ করার আগে তাদের জানানো হয়নি। সিডিএ বলছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডিবির হলেও তারা পুরনো তারটির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
পিডিবি, সিডিএ ও বিপণি বিতানের দোকান মালিক সমিতির নেতারাও বলেছেন যে ছিঁড়ে পড়া তারটি অনেক পুরনো।
বিপণি বিতান (নিউমার্কেট) ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ছগির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিডিবির সঞ্চালন লাইনটি অনেক দিনের পুরনো। একারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।”
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদিন বলেন, ছিঁড়ে পড়া তারটি অনেক পুরনো এবং এর কোনো আচ্ছাদনও (কভার) ছিল না।
বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডিবির বলে তাদের ওপরই দোষ চাপান তিনি।
পিডিবির সহকারী প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, তার পুরনো হওয়া অথবা শট সার্কিট এ দুই কারণে ছিঁড়ে পড়তে পারে।
“তবে এত উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইনের নিচে কাজ করার আগে সিডিএ আমাদের জানায়নি।”
রেজাউল দাবি করেন, সঞ্চালনের লাইনের বিপণি বিতানের অংশটি দেখাশোনার দায়িত্ব সিডিএ’র।
“তবে সরকারি সংস্থা হওয়ায় আমরাও মাঝে মাঝে সংস্কার করে দিই।”
