২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ চেয়ে রানা ও তাজরীনে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পোশাক শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে নিহতদের স্বজন এবং আহতরা উপস্থিত ছিলেন।

কোয়ালিশন কম্বোডিয়ান এ্যাপারেলস ওয়ার্কার্স ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা কং আতিতও যোগ দেন এই মানববন্ধনে।

গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভবন ধসে ১১শ’র বেশি শ্রমিক নিহত হন এবং আহত হন দুই হাজারের বেশি। তার আগের বছর ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত এবং দেড় শতাধিক আহত হন।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, শ্রমিকরা সরকার, বিজিএমইএ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি সহায়তা পেলেও এখন নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হয়নি।

‘লস অব আর্নিং’ এর ভিত্তিতে রান্না প্লাজার ২৮টি এবং তাজরীনের ৯টি বায়ারসহ সংশ্লিষ্ট সকলকে ক্ষতিপূরণ দিতে হবে, বলেন তিনি।

রানা প্লাজা ধসে নিহত শরিফুল ইসলামের স্ত্রী লাকী বেগম বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকমকে তার পরিবারের দুর্দশার কথা বলেন।

জমজ কন্যা আট বছরের লাবণী ও শ্রাবণী এবং চার বছরের ছেলে রাকিবুলকে নিয়ে চলছেন স্বামী হারানো এই নারী।

“সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছে। পাবনার স্বামীর গ্রামের বাড়িতে তেমন কিছু নেই যা দিয়ে চলতে পারি।”

সহায়তা হিসেবে প্রায় আড়াই লাখ টাকা পেলেও শিশু সন্তানদের পেছনে তা খরচ হয়ে গেছে বলে জানান লাকী। এখন তিনি চান এমন একটি অবলম্বন, যা দিয়ে সন্তান নিয়ে বাকি জীবন চলতে পারেন।