২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে নারী সাংসদদের সম্পদও অনুসন্ধান হবে’

নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি প্রয়োজনে সংরক্ষিত নারী আসনের সাংসদদের সম্পদও অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সচিব ফয়জুর রহমান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:02 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ফয়জুর বলেন, “সম্প্রতি দুদক মন্ত্রী সাংসদদের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। এক্ষেত্রে আমরা সাংসদদের তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছি। যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে নির্বাচিত বা সংরক্ষিত কোন ভেদাভেদ করা হবে না। অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজনে সংরক্ষিত নারী আসনের সদস্যদের সম্পদও অনুসন্ধান করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে।”

দুদক সচিব বলেন,“ দুর্নীতির একটিই পরিচয়- সে অপরাধী। এ ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ নেই।”

সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মহাজোট সরকারের সাত জন মন্ত্রী-সংসদ সদস্যের নির্বাচনী হলফনামা নিয়ে কাজ শুরু করে।

দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বলেছেন, হলফনামা ভিত্তি করেই ‘অস্বাভাবিক’ সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত মন্ত্রী-সংসদ সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক।

এই সাতজন মন্ত্রী সংসদ সদস্য হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সংসদ সদস্য আসলামুল হক ও এম এ জব্বার।

এছাড়া বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সম্পদও অনুসন্ধান করছে দুদক।

এ্যানী ও পরওয়ার ছাড়া মহাজোট সরকারের সাত জন মন্ত্রী ও সংসদ সদস্যকে সম্পদ বিবরণী দাখিলের নোটিসও দিয়েছে দুদক।

অনুসন্ধান কাজের সুবিধার্থে প্রয়োজনে পৃথক সেল গঠনের চিন্তা ভাবনা দুদক করছে বলেও জানান সচিব।