২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’য় থাকবে আড়াই লাখ শ্রমিক

ইতিহাসের সাক্ষী হতে স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনে আড়াই লাখ পোশাক শ্রমিক অংশ নেবেন বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:38 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, “সরকার আসন্ন স্বাধীনতা দিবসে ‘আমার সোনার বাংলা’ গেয়ে ‘বিশ্ব রেকর্ড’ গড়ার যে পরিকল্পনা করেছে, তাতে গার্মেন্টস শ্রমিকদের আকুণ্ঠ সমর্থন রয়েছে।

“বুধবার আমাদের শ্রমিকরা জাতীয় প্যারেড ময়দানে দলে দলে যোগ দিয়ে বিশ্ব রেকর্ডের ইতিহাস গড়বেন।”

গার্মেন্টস শ্রমিকরা যাতে নিরবিচ্ছনভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেজন্য মালিকপক্ষ এবং সরকারের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

ওইদিন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অনুষ্ঠান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।