২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট, কমানো হলো জরিমানা

কুড়িগ্রামে এক ব্যবসায়ীকে জরিমানা করার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবরুদ্ধ হওয়ায় জরিমানা কমিয়ে দিয়েছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ভোকেশনাল মোড় বাজার সমিতির সভাপতি কামাল জানান, ‘সামান্য’ অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ী নাঈম কনফেকশনারির মালিক সালাহউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করে একটি ভ্রাম্যমাণ আদালত।

এরপর জরিমানা কমানোর জন্য অনুরোধ করার পরও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্তে অনড় থাকলে সাধারণ ব্যবসায়ীরা কুড়িগ্রাম-উলিপুর সড়ক অবরোধ করে।

রাস্তার দুদিক আটকে দেয়ায় বিকাল সোয়া ৫টা থেকে প্রায় এক ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরার বহনকারী গাড়িও অবরুদ্ধ হয়ে পড়ে।

পরে অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ ও সহকারী পুলিশ সুপার মধুসুদন রায় অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আকতার হোসেন আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি তার এখতিয়ারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরিমাণ কমিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক সালাহউদ্দিন জানান, দোকান অপরিচ্ছন্ন থাকা এবং বিস্কুটের প্যাকেটে মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় আদালত ২০ হাজার টাকা জরিমানা করে।

তিনি জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করেন বলে জানান।

এ ঘটনা ভোকেশনাল মোড় বাজার সমিতির নেতারা জানার পর অন্য ব্যবসায়ীদের নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে জরিমানার অর্ধেক ১০ হাজার টাকা ফেরত দেয়ায় অবরোধ তুলে নেয়া হয়।