৩৪তম বিসিএসে ১৬৪৬ জনের প্রার্থিতা বাতিল
ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র না দেয়ায় ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারছে না ১ হাজার ৬৪৬ জন।
তাদের প্রার্থিতা বাতিল হয়েছে বলে রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিপিএসসি ফর্ম-২ জমা না দেয়ায় ১ হাজার ৫১৫ জন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় ১৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা সোমবার থেকে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে পারবে না।
সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন।
আগামী ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩৪তম বিসিএসের সকাল ও বিকালে দুটি করে লিখিত পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত বিকালের পরীক্ষা চলবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ৩৪তম বিসিএসের প্রিলিমিনারীতে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছে।
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফলে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ করা হলেও গত ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফলে ৪৬ হাজার ২৫০ জনকে উত্তীর্ণ করা হয়।
