এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের পর এবার একই ধরনের গুরুতর অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশি এক কূটনীতিক।
নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুনিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে তাদের সাবেক গৃহকর্মীকে বিনা পারিশ্রমিকে ‘দাসত্বের মতো পরিবেশে’ কাজ করতে বাধ্য করার অভিযোগে শুক্রবার একটি মামলা হয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
ম্যানহাটন ফেডারেল কোর্টে মুনিরুল ও তার স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশি মাসুদ পারভেজ রানা।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাসের শুরু পর্যন্ত তাদের বাসায় কাজ করেন রানা। এর জন্য পারিশ্রমিকসহ ক্ষতিপূরণ দাবি করলেও তার পরিমাণ মামলায় নির্দিষ্ট করেননি তিনি।
প্রতিবেদনে বলা হয়, মাসিক তিন হাজার ডলার পারিশ্রমিক ও ‘সুন্দর কর্মপরিবেশ’ দেওয়ার শর্তে ওই কূটনীতিক দম্পতির সঙ্গে ম্যানহাটনে তাদের অ্যাপার্টমেন্টে গৃহপরিচারক হিসেবে কাজের জন্য চুক্তিবদ্ধ হন বলে আদালতে দাবি করেছেন রানা।
তার দাবি, ওই দম্পতি উল্টো বিনা পারিশ্রমিকে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বা আরো বেশি সময় তাকে কাজ করতে বাধ্য করতো, গুদাম ঘরে বা রান্নাঘরে মাদুরের ওপর ঘুমাতে দিতো, এমনকি তাকে ভয় দেখিয়ে বাংলাদেশ কনস্যুলেটের অনুষ্ঠানে বাবুর্চি হিসেবেও রানাকে কাজ করতে বাধ্য করতেন ওই মুনিরুল।
মামলায় বলা হয়, রানা তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিত ওই কূটনীতিক।
“ওই সব প্রতিশ্রুতি দিয়ে রানাকে যুক্তরাষ্ট্রে এনে বিবাদিরা দাসত্বের মতো পরিবেশের মধ্যে তাকে কাজ করতে বাধ্য করে, স্বেচ্ছায় তার ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করে, তাকে মারধরের বা হত্যা করার হুমকি দেয়, ‘বাসার বাইরে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে ও মেরে ফেলবে’ বলে হুমকি দেয়, অন্তত পক্ষে দুটি ঘটনায় তাকে শারীরিকভাবে নির্যাতন করে, তার পাসপোর্ট ও ভিসা নিজেদের কাছে রেখে দেয় এবং ১৮ মাসের বেশি সময় ধরে রানার পারিশ্রমিক দেওয়া বন্ধ রাখে।”
মুনিরুল ইসলাম ছবি: নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট
মামলায় দাবি করা হয়েছে, রানাকে সকাল সাড়ে ৬টায় ওঠে থালা-বাসন মাজা থেকে শুরু করে সব রান্না, কাপড় ইস্ত্রি, হাতে কাপড় ধোয়া, বাসা পরিষ্কার করা এবং ওই দম্পতির শিশু ছেলের দেখাশোনাসহ ঘরের আরো কাজ করতে হতো। তাকে অন্ততপক্ষে রাত ১১টা পর্যন্ত এবং কখনো ওই দম্পতি গভীর রাতে নাস্তা করতে চাইলে রাত ৩টা পর্যন্তও কাজ করতে হতো।
অভিযোগে বলা হয়েছে, তাকে একা রান্নাঘরে শুধু ‘মেয়াদোত্তীর্ণ বা উচ্ছিষ্ট খাবার’ খেতে দেয়া হতো এবং তার সব জিনিসপত্র একটি প্লাস্টিক ব্যাগে রাখতে হতো।
নিউ ইয়র্ক পোস্ট বলেছে, এবিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কনস্যুলেটের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
পত্রিকাটির পর্যবেক্ষণ, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কে উত্তাপ ছড়ানো ভারতীয় কূটনীতিক খোবড়াগাড়েও তার চেয়ে অপেক্ষাকৃত ভাল গৃহকর্তা বলেই মনে হচ্ছে, যাকে নিউ ইয়র্কে আটক করার পর নগ্ন করে দেহ তল্লাসি করা হয়েছিল।
নারী গৃহকর্মীকে মাসে সাড়ে চার হাজার ডলার পারিশ্রমিক দেওয়ার মিথ্যা তথ্যপ্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হন খোবরাগাড়ে।
পত্রিকাটি লিখেছে, বাস্তবে ভারতীয় নাগরিক সঙ্গীতা রিচার্ডকে বিনা ছুটিতে মাসিক ৫৭৩ ডলারের বিনিময়ে সপ্তাহে ১০০ ঘণ্টা বা তারও বেশি সময় কাজ করাতে বাধ্য করেছিলেন খোবরাগাড়ে।
রানাকে আইনি সহায়তা দিচ্ছেন আইনজীবী ডানা সুসমান, যিনি সঙ্গীতাকেও সহায়তা দিয়েছেন।
