স্কুলছাত্র খুনের ঘটনায় ভাবি আটক
ঢাকার উত্তরখানে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর তার ভাবিকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রের সঙ্গে ভাবির প্রেমের সম্পর্ক ছিল জানতে পেরে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণখান এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমরান হোসেন(১৭) গত ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন।
তাকে খুঁজে না পেলে বড় ভাই সাইজুদ্দিন ১৬ মার্চ দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার উত্তরখান থানা এলাকার ডোবাদিয়া রহমান নগর প্রকল্পের দক্ষিণ দিকের বালুর মাঠে ইমরানের লাশ পাওয়া যায়। তার দেহের অর্ধেক মাটিকে পুঁতে রাখা ছিল।
এরপর শুক্রবার মধ্যরাতে দক্ষিণখানের সোনারখোলা এলাকা থেকে ইমরানের চাচাত ভাইয়ের স্ত্রীকে আটক করা হয় বলে উত্তরখান থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইজুদ্দিন পুলিশের কাছে অভিযোগ করেন, ইমরানের সঙ্গে তার চাচাত ভাইয়ের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। তাই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে আটক করা হয়েছে।”
ইমরানের চাচাত ভাইকেও পুলিশ খুঁজছে। তবে তিনি পালিয়ে গেছেন বলে এসআই শহিদুল জানান।
