২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে ফেনীতে বোমায় নিহত ১

উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন ফেনীর সোনাগাজী উপজেলায় বোমা বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 03:59 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

হতাহতরা বোমা তৈরি করছিল বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগ দাবি করেছে, জামায়াতে ইসলামীর কর্মীরা ওই বোমা ছুড়েছে।

শনিবার সকালে আহম্মদপুর গ্রামের মানু মিয়ার বাজারের একটি চা দোকানের পেছনে ওই বিস্ফোরণ ঘটে বলে সোনাগাজী থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানিয়েছেন।

নিহতের নাম একরামুল হক দুলাল (৬০)। তার বাড়ি আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামে।

আহতরা হলেন একই গ্রামের আবুল কালামের ছেলে সিরাজুর রহমান শরীফ এবং আহম্মদ মিয়ার ছেলে মিজানুর রহমান।

নিহতের দলীয় পরিচয় পাওয়া না গেলেও আহত দুজন যুবলীগের সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসি জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চা দোকানের পেছনে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটলে ওই তিন জন আহত হন।”

আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত সিরাজ ও মিজানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, হতাহতদের রাজনৈতিক কোনো পরিচয় জানেন না।

উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ে রোববার ৯০ উপজেলার সঙ্গে সোনাগাজীতেও ভোটগ্রহণ হবে। ওই ভোটকে সামনে রেখে সরকার সমর্থকরা বোমা বানাচ্ছিল বলে স্থানীয়রা বলছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন এজন্য জামায়াতকে দায়ী করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতের সন্ত্রাসীরা আমাদের কর্মীদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারলে তারা (মিজান ও সিরাজ) আহত হয়েছেন।”