২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের টিকেট বিক্রির সময় আটক, পুলিশের লুকোচুরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার গাড়ি চালককে ‘টিকেট কালোবাজারির’ অভিযোগে আটকের পর শুরু হয়েছে লুকোচুরি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

আটক আবু আহমদ সিলেট স্টেডিয়ামের ভেন্যু লিডার হোসাইন আহমদ সামুর গাড়ি চালক। ‘চাপে পড়ে’ তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে শোনা গেলেও এ বিষয়ে স্পষ্ট কিছু বলছে না পুলিশ।

আটক হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের সামনেই আবু বলেন, গত ১৭ মার্চ থেকে তিনি এভাবে কালোবাজারে টিকেট বিক্রি করছেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত দে জানান, শুক্রবার বেলা ২টার দিকে স্টেডিয়ামের বাইরে কালোবাজারে টিকেট বিক্রির সময় আবু আহমদকে আটক করেন পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা জৈন্তাপুরের মাসুদ আহমদ ও তার চার বন্ধু দুপুরে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলার আগে টিকেটের খোঁজে স্টেডিয়ামে যান। কাউন্টারে টিকেট না পেয়ে তারা আবু নামের ওই ‘কালোবাজারির’ কাছে যান।

আবু পাঁচটি টিকেটের দাম দুই হাজার টাকা হাঁকলে শেষ পর্যন্ত ১ হাজার ৬০০ টাকায় রফা হয়।

এরপর আবু তার এক সহযোগীর কাছ থেকে টিকেট এনে দেয়ার সময় পুলিশ তাকে জাপটে ধরে। এ সময় আবুর সেই সহযোগী পালিয়ে যায় বলে ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান।

আটক হওয়ার পর আবু ফোন করেন ভেন্যু লিডার সামুকে। ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আবুকে নির্দোষ দাবি করে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন সামু।

এক পর্যায়ে সামু ফোন করেন বিসিবি পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে।

এরপর সামু ও আবুকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের ভেতরে চলে যান পুলিশ সদস্যরা।

পরে আবুকে ছেড়ে দেয়া হয়েছে বলে শোনা গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিমান বন্দর থানার ওসি আক্তার হোসেন।

তিনি বলেন, “টিকেট কালোবাজারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

আবুকে ছেড়ে দেয়া হয়েছে কি না জানতে চাইলে সহকারী কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত দে বলেন, “তাকে স্টেডিয়ামের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কিছু হয়েছে আমার জানা নেই।”

টিকেট কালোবাজারির অভিযোগ নিয়ে কথা বলতে বিসিবির পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

খেলা দেখতে স্টেডিয়ামে আসা সাব্বির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইরে টিকেটের জন্য হাহাকার, অথচ ভেতরে গ্যালারি অনেকটা ফাঁকা। ৪০০-৫০০ টাকা কালোবাজারিদের হাতে গুঁজে দিলেই টিকেট মিলছে।”

খোদ বিসিবি কর্মকর্তারাই এর সঙ্গ যুক্ত বলেও অভিযোগ করেছেন টিকেট না পেয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা।