২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ব্যবসায়ীর ‘বিরোধে’ গোলাগুলি, প্রাণ গেল আনসার সদস্যের

মগবাজারে আনসার সদস্যের গুলিতে নিহত হওয়ার পেছনে দুই ব্যবসায়ীদের বিরোধকে মূল কারণ বলে মনে করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 11:51 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বুধবার রাত ১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিটিসিএল কলোনির সামনে একদল দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান কর্তব্যরত আনসার সদস্য আব্দুল আলিম (২৮)।

আলিম অপরিচিত ওই যুবকদের গভীর রাতে কলোনিতে ঢুকতে বাধা দেয়ায় তারা গুলি চালিয়েছিল বলে রমনা থানার উপ পরিদর্শক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিটিসিএল কলোনির দুই বাসিন্দা রমিজ ও আহাদের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা রমনা থানার ওসি মশিউর রহমান।

এই দুজন দীর্ঘদিন একসঙ্গে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করে আসছিলেন। তবে সম্প্রতি দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমিজের কাছে আহাদ প্রায় এক কোটি টাকা পাবেন বলে পুলিশ জানতে পেরেছে।

পাওনা টাকা চাওয়ায় রমিজ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে রমিজ পুলিশের কাছে অভিযোগ করেন। মূলত এ ঘটনার জের ধরে রমিজ বুধবার আহাদকে হত্যার পরিকল্পনা করে ওই যুবকদের পাঠান বলে পুলিশের ধারণা।

ওসি বলেন, তারা এখন রমিজকে খুঁজছেন। তাকে পেলে হত্যাকাণ্ডের কারণ জানার আশা করছেন তিনি।

নিহত আলিমের (২৮) বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল বলে এসআই কামাল জানান।

রাতে বিটিসিএল কলোনির দায়িত্বে থাকা অন্য আনসার সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, কয়েকজন যুবক পরিচয় না দিয়ে কলোনিতে ঢুকতে চাইলে আনসার সদস্য আলিম তাদের বাধা দেন। এ সময় বাগবিতণ্ডা হলে তারা আলিমের দিকে কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আলিমকে হাসপাতালে নিয়ে যান আনসার সদস্য আনোয়ার হোসেন।

তিনি বলেন, “হঠাৎ গুলির শব্দ পেয়ে ক্যাম্প থেকে দৌড়ে কলোনির গেইটের সামনে গিয়ে দেখি, আলিম মাটিতে পড়ে আছে ।”

আলিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।