পঞ্চগড়ে ভুয়া কর্নেল-মেজরসহ আটক ৩
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কর্নেল ও মেজর পরিচয়দানকারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন- কর্নেল পরিচয়দানকারী নয়ন কুমার, মেজর পরিচয়দানকারী শাহজাহান এবং তাদের সহযোগী মফিজার রহমান।
নয়ন জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রয়াত ভূপেন্দ্রনাথের ছেলে, শাহজাহান শহরতলির ফকিরের হাট এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে এবং মফিজার শহরের রামেরডাঙ্গার নজরুল ইসলামের ছেলে।
পঞ্চগড় থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, আটক তিনজনকে আদালতের নির্দেশেই হাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলেসহ চারজনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে এই চক্রটি গত বছর প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা নেয়।
পরে এদের চাকরি না হওয়ায় তারা টাকা ফেরতি দিতে বলে। আটকরা টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্তদেরকে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে।
