শাহ আমানতে সোনা ‘পাচারে’ পরিচ্ছন্নতাকর্মীরা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীদের একটি চক্র পাচার হয়ে আসা সোনা টাকার বিনিময়ে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার কাজ করছে বলে দাবি করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
প্রায় দুই মাস ধরে এই চক্রটিকে ধরতে কাজ করছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সফলতা আসে বৃহস্পতিবার সকালে।
পাচারকারী চক্রের দুই সদস্য সুখলাল দাশ (৩৫) ও জীবন কুমার দাশকে (৩৪) আটক করা হয় ৩০টি স্বর্ণের বারসহ।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে সোনার বারগুলো বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার কথা স্বীকারও করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে পৌঁছায় দুবাই থেকে আসা বিজি-০৪৮ ফ্লাইট।
“যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের ভেতর পরিচ্ছন্নতার কাজ শেষে বের হচ্ছিলেন দুই অস্থায়ী কর্মচারী জীবন ও সুখলাল। কিন্তু তাদের হাঁটার ভঙ্গি দেখে সন্দেহ হয় নিরাপত্তা কর্মকতার।”
পরে নিরাপত্তা কর্মকর্তা তাদের থামিয়ে তল্লাশি করে দুই জনের জুতার ভেতর তিনটি প্যাকেটে ৩০টি স্বর্ণের বার পান, বলেন উইং কমান্ডার নূর।
প্রায় সাড়ে তিন কেজি ওজনের এসব সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বলেন, দুই পরিচ্ছন্নতাকর্মী দৈনিক ভিত্তির অস্থায়ী কর্মচারী। তাদের চাকরি হারানোর ভয় নেই।
ফাইল ছবি
ব্যবস্থাপক নূর বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের আট-দশ জনের একটি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় আছে। দুই মাস আগে তাদের আসা-যাওয়ার পথে আলাদা মেটাল ডিটেক্টর ও বোর্ডিং ব্রিজের ব্যবস্থা করা হয়।”
তিনি জানান, কোনো কারণে এতদিন হয়ত তারা নিস্ক্রিয় ছিল। এখন সক্রিয় হয়েছে। যেহেতু দুই জনকে পাওয়া গেছে বাকিদেরও সনাক্ত করা সম্ভব হবে।
আটক দুইজনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আজম মোল্লা একটি মামলা করেছেন।
উদ্ধার করা স্বর্ণ বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মশিউর রহমান মণ্ডল।
গত কয়েক মাসে শাহ আমানতে বিদেশ থেকে আসা বেশ কয়েকটি স্বর্ণের চালান আটক করা হয়। এসব চালানের অধিকাংশই প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার করা।
