২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচন নিয়ে ঢাকায় কর্মশালা

বিশ্বের সর্ববৃহৎ সাধারণ নির্বাচন লোকসভার আসন্ন ভোট নিয়ে রাজধানীতে কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেইশির উপস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠান হবে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

‘ভারতের সাধারণ নির্বাচন-২০১৪’ বিষয়ে এই মুক্ত কর্মশালাটির আয়োজক ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

ঢাকাস্থ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় ভারতের নির্বাচন ব্যবস্থায় ‘নমুনা আচরণবিধি’সহ লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করবেন দেশটির সদ্য সাবেক এই নির্বাচনী প্রধান।

২০১২ সালের জুনে প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নেন এস ওয়াই কুরেইশি। শনিবার তার ঢাকা সফরে আসার কথা রয়েছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮১ কোটি ভোটার নিয়ে গঠিত সবচেয়ে বড় এই গণতান্ত্রিক ব্যবস্থায় কীভাবে নির্বাচন হয় এবং এতো বড় নির্বাচনী চর্চার চ্যালেঞ্জগুলো দেশটির কমিশন কীভাবে মোকাবেলা করে সেবিষয়ে কুরেইশি ভাল জানেন।

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত একমাসের বেশি সময় ধরে কয়েক ধাপে ভারতের ১৬তম লোকসভা নির্বাচন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বড় এই নির্বাচনী যন্ত্রটির বিভিন্ন অংশকে কীভাবে কাজে লাগানো হয়- সে বিষয়ে বিশেষভাবে আলোকপাত করবেন তিনি।”

গণমাধ্যম কর্মী, জনসম্পর্কিত বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, রাজনৈতিক পর্যবেক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই কর্মশালাটি আয়োজন করা হচ্ছে। কর্মশালার আলোচনা শেষে একটি মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। কর্মশালায় আগ্রহী অংশগ্রহণকারীদের নাম নিবন্ধনের জন্য igccdhaka@gmail.com  ঠিকানায় ই-মেইল পাঠাতে অনুরোধ করা হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করবেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং সূচনা বক্তব্য রাখবেন ব্রতী’র সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ।