২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে জাটকা উদ্ধার, দুজন দণ্ডিত

লক্ষ্মীপুর শহর থেকে পাঁচ মণ জাটকা উদ্ধারের পর দুজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার সদর উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজিজুর রহমান এ সাজা দেন।

দণ্ডিতরা হলেন সদরের দালাল বাজার ইউনিয়নের আবদুল গণির ছেলে মো. মনির হোসেন ও রায়পুর উপজেলার প্রয়াত আবুল কাশেমের ছেলে মো. নূর নবী।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, উপজেলা পরিষদের সামনে জননী পরিবহনের ঢাকাগামী একটি বাসে জাটকা ইলিশ নিয়ে যাবার সময় গোপন সংবাদ পেয়ে তল্লাশি চালানো হয়।

বাসে পাঁচ মণ জাটকা পাওয়ার পর জাটকার মালিক মনির ও বাসের চালক নূর নবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান জানান, মনিরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দেয়া হয়।

বাসচালক নূর নবীর লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান আইনে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল দেয়া হয়।

উদ্ধার করা মাছগুলোকে ১৬টি এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান ইউএনও।

জাটকা ইলিশ সংরক্ষণে মার্চ-এপ্রিল এ দুই মাস মেঘনা নদী এলাকায় সব রকমের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।