কব্জি কেটে নিয়ে ‘পুলিশ সোর্স’কে হত্যা
টঙ্গীর আউচপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে হাতের কব্জি কেটে নিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, নিহত মো. নজির আহমেদ (৩২) টঙ্গী মডেল থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
তার বাড়ি চাঁদপুরের ছেঙ্গারচর থানার কচি ঘাটা গ্রামে। বাবার নাম গোলাপ মীর। টঙ্গী এরশাদ নগরে এক নম্বর বস্তিতে স্ত্রী সন্তান নিয়ে তিনি থাকতেন।
নজিরের বড়ভাই কবির হোসেন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক এরশাদ নগরের ঘর থেকে নজিরকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে আউচপাড়ার মোল্লা বাজারের পাশে জনৈক আব্দুল মালেকের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
দুর্বৃত্তরা নজিরের দুই হাতের কব্জি কেটে নিয়ে গেছে। তার মাথা, মুখ ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
টঙ্গী মডেল থানার উপ পরিদর্শক মো. আলমগীর গাজী জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নজির এলাকার মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের বিভিন্ন তথ্য পুলিশের কাছে জানাতেন। এ কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোরে রেজাউল ইসলাম রনি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সকাল ৯টার দিকে মধ্য আউচ পাড়ায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তির বাসার সামনের ড্রেন থেকে নজিরের দুটি কব্জি উদ্ধার করা হয়েছে।
নজিরের বড় ভাই জানিয়েছেন, তার ভাই আগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসের চালক হিসাবে কাজ করতেন। কিছুদিন আগে থেকে তিনি টঙ্গী মডেল থানার সোর্সের কাজ শুরু করেছিলেন।
