দরপত্র ছিনতাই: জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, যার বিরুদ্ধে এক শিক্ষককে পিস্তল ঠেকিয়ে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামকে বহিষ্কারের কথা জানানো হয়।
যুগ্মসাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলমকে পিস্তল ঠেকিয়ে সিরাজুল ইসলাম ও তার অনুসারীরা দরপত্র ছিনতাই করেন বলে অভিযোগ রয়েছে।
এঘটনায় শনিবার রাতে কোতয়ালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সিরাজুল ইসলাম ও শামীম রেজাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের জন্য আরো দুই নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। তারা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও সহ-সম্পাদক হোসনে মোবারক রিশাদ।
