সচিবালয় থেকে চারজন আটক
প্রতারণার অভিযোগে সচিবালয় থেকে পৃথক ঘটনায় তিন সরকারী কর্মচারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, খাদ্য মন্ত্রণালয়ের গাড়ি চালক নজরুল ইসলাম, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মচারী আব্দুর রহিম, ময়মনসিংহ খাদ্যগুদামের উপ-সহকারী পরিদর্শক মীর ফারুক আহমেদ ও বহিরাগত সেতু ওরফে বাবুল।
সচিবালয়ে কর্মরত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে সচিবালয়ে প্রবেশ করে ফারুক ও সেতু। এসময় তারা খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কক্ষে ঢুকে পড়ে।
সেখানে তাদের কথাবার্তা ও চলা ফেরায় সন্দেহ হলে পুলিশ ডেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, গাড়ি চালক নজরুল তাদেরকে অবৈধভাবে ঢুকতে সহায়তা করেছে। পরে নজরুলকেও আটক করা হয়।
এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মচারী আব্দুর রহিমকে অবৈধভাবে বাইরে থেকে লোক এনে কম্পিউটার সরঞ্জাম বিক্রির অভিযোগে আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, আগে থেকেই রহীম কিছু কম্পিউটার সরঞ্জাম মন্ত্রণালয়ের টয়লেটে লুকিয়ে রেখেছিল। সেগুলো বিক্রি করতে সে সচিবালয়ের বাইরে এক কম্পিউটার ব্যবসায়ীকেও দাঁড় করিয়ে রেখেছিলো। কিন্তু বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে পড়ায় তিনি ধরা পড়েন।
মশিউর জানান, আটকদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
